ছাত্রদল কর্মীদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, আটক ২

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সিলেট নগরীর কাজীটুলার লোহারপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন স্থানীয় ছাত্রদলের কয়েকজন কর্মী। গত শুক্রবার রাতে লোহারপাড়া মসজিদের পাশে একটি বাসায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে মাহফুজ হোসাইন, আরিফুল ইসলাম আলভী, সাকিব আহমেদ ও জামিল ইসলাম নেতৃত্ব দেন। তাদের সঙ্গে আরও কয়েকজন ছাত্রদল কর্মী অভিযানে অংশ নেন।

 

অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, ওই বাসায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি। পরে বিষয়টি নজরে আসার পর শুক্রবার রাতে তারা সেখানে অভিযান পরিচালনা করেন।

 

অভিযানের সময় দুইজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে বলে দাবি করেন অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে আটক দুজনকে সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া মাহফুজ হোসাইন বলেন, “লোহারপাড়ায় দীর্ঘদিন ধরে মাদক সেবনের অভিযোগের বিষয়টি আমাদের নজরে ছিল। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ থাকলেও অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস করছিলেন না। বিষয়টি জানার পর আমরা কয়েকজন মিলে সেখানে যাই। এ সময় দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আমরা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

 

এদিকে, আটক দুইজনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের আইনগত দায় যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।