পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আল হারামাইন পারফিউমস-এর উদ্যোগে বৃহৎ কোরবানির আয়োজন

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬

মাহবুবুল আলম চৌধুরী : সংযুক্ত  আরব আমিরাতঈদ মানেই আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা। আর সেই আনন্দ যখন প্রবাসের মাটিতে নিজ দেশের আবেগের সঙ্গে মিশে যায়, তখন সৃষ্টি হয় এক অন্যরকম অনুভূতি। প্রতি বছরের মতো এবারও আজমান-এ এমনই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে বিশ্ববিখ্যাত সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমস।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে বৃহৎ কোরবানির উৎসব। শতাধিক গরু, দুম্বা, উট ও খাসি কোরবানির মাধ্যমে হাজারো প্রবাসী শ্রমিক, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয় কোরবানির গোশত। মানবিকতা, সহমর্মিতা ও ধর্মীয় চেতনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে এই আয়োজন।

 

এই মহৎ উদ্যোগে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। বিয়ানীবাজার-এর এই গর্বিত সন্তান শুধু একজন সফল ব্যবসায়ীই নন, বরং মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্যও প্রবাসী বাংলাদেশিদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

 

প্রতিষ্ঠানটির আজমানস্থ প্রধান কার্যালয়ের পুরো প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অত্যন্ত সুশৃঙ্খলভাবে কোরবানি, গোশত প্রক্রিয়াকরণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। শত শত কর্মী ও স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নেয় এক মিলনমেলায়, যেখানে প্রবাসে থাকা হাজারো মানুষ অনুভব করেন—

“আমরা একা নই, প্রবাসেও আমরা একটি পরিবারের অংশ, মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্ববোধে ছিল পরিপূর্ণ।

 

এ বিষয়ে মাহতাবুর রহমান নাসির বলেন, প্রবাসে থাকা মানুষগুলো আমাদের পরিশ্রমী হৃদয়ের প্রতিচ্ছবি। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াকে আমি দায়িত্ব মনে করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি।

 

 

 

অনেক প্রবাসী বাংলাদেশি আবেগঘন কণ্ঠে জানান, এই আয়োজন আমাদের দেশের ঈদের সেই চিরচেনা অনুভূতির কথা মনে করিয়ে দেয়। পরিবার থেকে দূরে থাকলেও মনে হয় যেন নিজের বাড়ির উঠোনেই ঈদের আনন্দ ভাগাভাগি করছি।

 

 

 

এই কোরবানির আয়োজন শুধু একটি ধর্মীয় কার্যক্রম নয়; বরং এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠেছে ভালোবাসা, সহমর্মিতা ও মাতৃভূমির আবেগময় এক প্রতিচ্ছবি।

 

উল্লেখ্য, ১৯৭০ সালে যাত্রা শুরু করা আল হারামাইন পারফিউমস বর্তমানে বিশ্বের অন্যতম সুপরিচিত সুগন্ধি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত রয়েছে সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশে।