শেরওয়ানের সহযোগী বাবু: ছাত্রলীগ ইস্যুতে সিলেটে আলোচনা তুঙ্গে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আব্দুর রহিম বাবুকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। একাধিক সূত্রের দাবি, দেশ ছেড়ে বর্তমানে লন্ডনে অবস্থান করলেও সিলেট নগরীর সাম্প্রতিক মিছিল ও সংগঠনের কার্যক্রমে তার প্রভাব রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অনলাইন যোগাযোগ ও ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে তিনি এসব কার্যক্রমে পরোক্ষভাবে যুক্ত থেকে দিকনির্দেশনা দিয়ে থাকেন। একই সঙ্গে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
বিশেষ করে সদর উপজেলার সভাপতি সৈয়দ রবিউল হাসান শেরওয়ানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আব্দুর রহিম বাবুর নাম বিভিন্ন মহলে উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শেরওয়ানের সঙ্গে সমন্বয় রেখে বাবু দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তাদের দুজনের ভূমিকা নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে।
এদিকে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বিদেশে অবস্থান করেও এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এটি আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।
সচেতন মহলের মতে, এমন সংবেদনশীল বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের জবাব দেওয়া উচিত।

