তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই সভাপতির সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত পৃথক এ সৌজন্য সাক্ষাতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, তাদের সার্বিক কল্যাণ এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি (Positive Branding) আরও উজ্জ্বল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় প্রবাসে কর্মরত সাংবাদিকদের পেশাগত পরিবেশ। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদ প্রবাসী সাংবাদিকরা যেন কোনো ধরনের ভয়, বাধা বা হয়রানি ছাড়াই সম্পূর্ণ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে মুক্ত সাংবাদিকতা চর্চা করতে পারেন, সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মূলমন্ত্র “সবার আগে বাংলাদেশ” খচিত বিশেষ স্মারক কোট পিন (Coat Pin) তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। তারা আন্তরিক আনন্দ ও আগ্রহের সঙ্গে স্মারকটি গ্রহণ করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রবাসী সাংবাদিকতা, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বব্যাপী আরও শক্তিশালীভাবে তুলে ধরতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

