কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
কুয়েত প্রতিনিধি:
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস-২০২৬। সোমবার (২৬ জুলাই) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা এটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এরপর দিবসটি উপলক্ষে কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ ও দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা শেষে মান্যবর রাষ্ট্রদূত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষভাবে তিনি ১৬ জুলাই ২০২৪ রংপুরে পুলিশের গুলির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে শাহাদাতবরণকারী শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বলেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে অবিচল সাহসের প্রতীক হিসেবে শহীদদের আত্মদান জাতির বিবেককে জাগ্রত করেছে এবং বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে ন্যায়, জবাবদিহিতা, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও দেশপ্রেমকে সুদৃঢ় করার প্রেরণা জোগায়।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি এবং বাংলাদেশের গর্বিত প্রতিনিধি। জুলাইয়ের চেতনা ধারণ করে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি সকল প্রবাসীর প্রতি আহ্বান জানান।
শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিশেষে, সকল শহীদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

