সিলেটে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই নিয়ে ক্ষোভ, অফিস পলিটিক্সের অভিযোগ
মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬
সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠান স্টাফ এশিয়া, যা ট্যালেন্ট সিনার্জি-এর অধীনে পরিচালিত, সেখানে হঠাৎ করে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হওয়ায় কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের জন্য কাজ করে আসা অনেক কর্মীকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ছাঁটাইয়ের প্রক্রিয়ার মধ্যে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ কর্মচারীরা নিজেদের মধ্যে প্রতিবাদ গড়ে তুলেছেন এবং তাদের সঙ্গে করা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বিদ্রোহী কর্মচারীদের দাবি, প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কিছু সুবিধাভোগী ব্যক্তি নিজেদের স্বার্থে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। তাদের অভিযোগ, যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানে কর্মীদের দীর্ঘদিনের অবদান বিবেচনা না করে একটি পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিদের রেখে অন্য অনেক কর্মীকে বাদ দেওয়ার চেষ্টা করছে।
কর্মচারীরা আরও দাবি করছেন, তারা মূলত অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এবং অভ্যন্তরীণ প্রভাবের কারণে একটি নির্দিষ্ট পক্ষ কর্মীদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের।
তাদের ভাষ্য, হঠাৎ করে ছাঁটাইয়ের এমন উদ্যোগ কর্মীদের মধ্যে শুধু চাকরি হারানোর আশঙ্কাই তৈরি করেনি, বরং প্রতিষ্ঠানের ভেতরে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের বিষয়ও সামনে নিয়ে এসেছে।
ক্ষুব্ধ কর্মচারীরা এই প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, ছাঁটাইয়ের যৌক্তিক কারণ প্রকাশ এবং কর্মীদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে কর্মচারীদের উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে স্টাফ এশিয়া ও ট্যালেন্ট সিনার্জি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

