প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গর

ডেস্ক নিউজ :

ডেস্ক নিউজ :

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রেসিডেন্সিয়াল দূত সের্জিও গর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

শনিবার (১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

 

বৈঠকে সের্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় আস্থা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে। এর প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কিত ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করেছে, যা দেশটিতে মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

 

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন।

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহায়তার অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্র থেকে আসে এবং এ জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বিশেষ দূত সংকটের একটি টেকসই ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

 

এছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর সহযোগিতায় বাংলাদেশে পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা হয়।

 

প্রধানমন্ত্রী বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। তিনি বিশেষ করে সয়াবিন, তুলা, গমসহ বিভিন্ন কৃষিপণ্যের গুদামজাতকরণ খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। এতে দেশের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণের বিষয়েও সরকারের আগ্রহ তুলে ধরেন।

 

বিশেষ দূত বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে দেশটি ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগে অংশীদার হতে পারে।

 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদি আমিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।