বৈষম্যের শিকার জাতীয়তাবাদী আহত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার দাবিতে সমাজসেবা অধিদপ্তরে স্মারকলিপি

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

বৈষম্যের শিকার জাতীয়তাবাদী আহত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার দাবিতে সিলেট মহানগর “আমরা জুলাই যোদ্ধা” ও জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রফিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপির যুব বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ দিনার, ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার আহ্বায়ক আব্দুস সালাম টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মো. মোস্তাফিজুর রহমান, মাহবুব হুসাইন, সুজন আহমদ, খান মোহাম্মদ সামি, ফজলু মিয়া, মুস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, সদস্য আসাদুজ্জামান ও সুমন রায় প্রমুখ।

 

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেক জাতীয়তাবাদী আহত জুলাই যোদ্ধা এখনো সরকারি স্বীকৃতি ও গেজেটভুক্তির বাইরে রয়ে গেছেন, যা তাদের প্রতি স্পষ্ট বৈষম্য সৃষ্টি করছে। তারা দাবি করেন, প্রকৃত যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

 

নেতৃবৃন্দ আরও বলেন, আন্দোলনে আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ভুয়া পরিচয়ে গেজেটভুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত যোদ্ধাদের তালিকা দ্রুত যাচাই-বাছাই করে প্রকাশ করার দাবি জানানো হয়।

 

স্মারকলিপিতে উত্থাপিত দাবির মধ্যে রয়েছে—বৈষম্যের শিকার আহত জুলাই যোদ্ধাদের দ্রুত গেজেটভুক্ত করা, গেজেটভুক্তদের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করা, আন্দোলনে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন আবেদনকারীরা।