সিলেটে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে মালিক গ্রেপ্তার

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে কলোনির মালিক নুর উদ্দিন (৫৫) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ভুক্তভোগী নারী (৫০) বাদী হয়ে অভিযুক্ত নুর উদ্দিনকে একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। নুর উদ্দিন পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে।

মামলার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে নুর উদ্দিনের টিএনটি রোডের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত ৩ জুলাই কাজের কথা বলে অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর বাড়িতে অন্য কেউ না থাকায় বিভিন্ন সময়ে জোরপূর্বক তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ১০ জুলাই সকালে সুযোগ বুঝে তিনি সেখান থেকে বের হয়ে আসেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।