আমিরাতে বর্তমান পরিস্থিতি: গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, ভুয়া তথ্য বা যাচাইবিহীন খবর ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিরাপত্তা বা গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করা, সেগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করা কিংবা প্রযুক্তির মাধ্যমে এডিট করে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
কর্তৃপক্ষ আরও সতর্ক করে বলেছে, কোনো ঘটনার ছবি বা ভিডিও শেয়ার করা, বিশেষ করে হামলা বা বিস্ফোরণ সংক্রান্ত স্থানের দৃশ্য প্রচার করা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং আইনগত জটিলতায় ফেলতে পারে।
আমিরাতের প্রচলিত আইনে গুজব, মিথ্যা তথ্য বা সরকারি ঘোষণার বিপরীত কোনো তথ্য সামাজিক মাধ্যমে ছড়ালে কঠোর শাস্তির বিধান রয়েছে। এ ধরনের অপরাধে বড় অঙ্কের জরিমানা এবং কারাদণ্ডও হতে পারে।
তাই আমিরাতে বসবাসরত সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। কোনো তথ্য শেয়ার করার আগে তা অবশ্যই সরকারি ওয়েবসাইট, বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশটির নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

