প্রবাসীদের ভিসা ও পাসপোর্ট সংকট নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
ডেস্ক নিউজ :
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
আমিরাতে ভিসা ও পাসপোর্ট সংকট নিরসনে রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিকদের বৈঠক
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা ও এমআরপি পাসপোর্ট সংকট নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর নেতারা আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত তারেক আহমদ–এর সঙ্গে মতবিনিময় করেছেন।
গত ৩০ জুন অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিক নেতারা জানান, ভিসা ও পাসপোর্ট জটিলতার কারণে অনেক প্রবাসী বৈধতা হারানোর ঝুঁকিতে পড়ছেন, জরিমানার সম্মুখীন হচ্ছেন, চাকরি হারাচ্ছেন এবং বিভিন্ন সরকারি ও ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা সংকট দ্রুত সমাধানে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ জোরদারের দাবি জানান।
রাষ্ট্রদূত তারেক আহমদ প্রবাসীদের উদ্বেগের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, সরকার প্রবাসীদের সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি জানান, ভিসা ও পাসপোর্ট সংকটের কারণ চিহ্নিত করে দূতাবাস ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে এবং ইউএই কর্তৃপক্ষের সঙ্গেও ইতিবাচক আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই প্রবাসীরা এ সংকট থেকে স্বস্তি পাবেন।
বৈঠকে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

