সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই শান্তিপূর্ণ পরিবেশ
মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬
সারাদেশের মতো সিলেটেও কঠোর নিরাপত্তা ও অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সিলেট বিভাগের চার জেলার ৯৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন। তিনি জানান, চার জেলা থেকে পৃথকভাবে তথ্য সংগ্রহের পর অনুপস্থিতির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ৫৭৩ জন বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫২ হাজার ৫৪০ জন, আর বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।
গত বছর এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। সুনামগঞ্জে ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী ২২টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। মৌলভীবাজারে ৫৩টি প্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী ১৬টি কেন্দ্রে এবং হবিগঞ্জে ৫৫টি প্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীর ২৫টি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ ও মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময়ের মধ্যে অস্ত্র, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন এবং বহিরাগত বা অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

