ঢাকায় বাংলাদেশ-মরক্কো সম্পর্ক জোরদারে বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

মুমিন আহমদ মারুফ :

মুমিন আহমদ মারুফ :

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

ঢাকায় বাংলাদেশ-মরক্কো সম্পর্ক জোরদারে বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

কূটনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিজ এক্সেলেন্সি শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১ জুলাই ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়। নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।

 

আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ এবং জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

 

মরক্কোর রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে মরক্কো আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি বিশেষ করে বস্ত্র, ওষুধশিল্প ও সামুদ্রিক খাতে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন। এছাড়া দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক ও উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমুখী হয়।