শিশুস্বাস্থ্যে সচেতনতা—ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

সিলেটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থা’। রোববার (২৮ জুন) সকাল থেকে দিনব্যাপী সংগঠনটির উদ্যোগে নগরীর উত্তর কাজীটুলা এলাকায় একটি বিশেষ কেন্দ্র স্থাপন করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করা হয়।

উত্তর কাজীটুলা এলাকার বাসিন্দাদের জন্য স্থাপিত এই কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। কেন্দ্রটিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে অভিভাবকদের সহযোগিতা করেন এবং শিশুদের ক্যাম্পেইনে অংশগ্রহণ নিশ্চিত করেন।

সকাল ৯টায় কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি রুহেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল করিম বাবলু, সহ-সভাপতি সাদ উদ্দীন জাবেদ এবং সদস্য মুমিন আহমদ মারুফসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিশুর সুস্থ বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো শিশু যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে তারা এ উদ্যোগ গ্রহণ করেছে।

নেতৃবৃন্দ জানান, ‘অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থা’ প্রতি বছর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে, যা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকুক।