চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, তিস্তা ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঐকমত্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
চীনের রাজধানী বেইজিংয়ে চীনের পানিসম্পদমন্ত্রী লি গুয়িং (Li Guoying)-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তাসহ দেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ঐকমত্য হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই (Diaoyutai) অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির বিষয় তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে এ খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লি গুয়িং বলেন, ২০০৫ সালে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক (MoU) এবং সাম্প্রতিক সময়ে চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন। চীনের মন্ত্রী জানান, এ খাতে বাংলাদেশের জন্য চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞদের চীনে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

