স্পীকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। আজ স্পীকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পীকার বলেন, গত দুই দশকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বিস্তার লাভ করেছে। দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে Comprehensive Economic Partnership Agreement (CEPA) নিয়ে আলোচনা চলমান রয়েছে, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেকট্রনিক পণ্যের শুল্কমুক্ত আমদানির সুযোগের কথা উল্লেখ করে বাংলাদেশে ইলেকট্রনিক শিল্প স্থাপনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন স্পীকার।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বলেন, স্যামসাংসহ বিভিন্ন কোরিয়ান কোম্পানি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)’ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় স্পীকার কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার জন্য কোরিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, আন্তঃসংসদীয় সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্পীকার ভোলার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এবং ইউরিয়া সার কারখানা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

