লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশির প্রত্যাবাসন

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

স্টাফ রিপোর্টার:

লিবিয়ার বেনগাজী থেকে আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এসব নাগরিককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

জানা গেছে, প্রত্যাবাসিতরা বুরাক এয়ারের ফ্লাইট নম্বর UZ226 যোগে ২৪ জুন ২০২৬ তারিখে বেনগাজী ত্যাগ করেন এবং ২৫ জুন ভোর ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদের সকলেই বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ বেনগাজী সফরকালে লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধ সংস্থা (DCIM)-এর ডেপুটি প্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পূর্বাঞ্চলের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের কল্যাণ এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তিনি গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন ও আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ কামনা করেন।

পরবর্তীতে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে এবং সেখানে আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলে। এ সময় তাদের দেশে ফেরাতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং দেশে ফিরে দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া প্রতিনিধি দল আটক ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যুর কার্যক্রম সম্পন্ন করে। অন্যদিকে, আইওএম-এর বেনগাজী আঞ্চলিক পরিচালকের সঙ্গে বৈঠকে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়। উভয় পক্ষ এ বিষয়ে সমন্বয় অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়।

স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ও আইওএম-এর সার্বিক সহযোগিতায় প্রথম ধাপে ১৭৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অবশিষ্টদের দ্রুত প্রত্যাবাসনে দূতাবাসের কার্যক্রম অব্যাহত রয়েছে।