মেয়াদ শেষে বন্ধ সরকারি গাড়ি, ভোগান্তিতে বিয়ানীবাজার স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৬

বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য সরকারিভাবে সরবরাহ করা একটি গাড়ি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘদিন ধরে ব্যবহারহীন অবস্থায় পড়ে আছে। এতে গাড়িটি অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য সরকারি উদ্যোগে গাড়ি সরবরাহ করা হয়। পাঁচ বছর মেয়াদি ওই প্রকল্পের আওতায় জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য বরাদ্দ ছিল। তবে প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুনে শেষ হয়ে যাওয়ায় এসব খাতে বরাদ্দ বন্ধ হয়ে যায়।

এর ফলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়িটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত ব্যবহার না হওয়ায় এটি প্রায় অকেজো হয়ে পড়ার উপক্রম হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চালক না থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাধ্য হয়ে মোটরসাইকেল বা ভাড়ায় চালিত ঝুঁকিপূর্ণ যানবাহনে করে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। এতে তার ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান বলেন, “প্রকল্প বন্ধ হওয়ার পর থেকে গাড়িটি ব্যবহার করা যাচ্ছে না। জ্বালানি, রক্ষণাবেক্ষণ কিংবা চালকের বেতনের জন্য কোনো বরাদ্দ নেই। অথচ টিকাদানসহ বিভিন্ন কার্যক্রম তদারকিতে নিয়মিত মাঠে যেতে হয়। তখন ঝুঁকিপূর্ণ যানবাহনে চলাচল করতে হচ্ছে, যা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ।”

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গাড়িগুলো সচল রাখতে মাঝে মাঝে স্টার্ট দিতে বলা হয়েছে, তবে এটি স্থায়ী সমাধান নয়।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ ধরনের গুরুত্বপূর্ণ যানবাহন সচল রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নিয়মিত বাজেট বরাদ্দ। অন্যথায় সরকারি সম্পদের অপচয়ের পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।