দেশে পৌঁছেছে সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
দেশে পৌঁছেছে সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সংবর্ধনার জন্য ছাদখোলা বাসে নেয়া হচ্ছে হাতিরঝিলে।
এর আগে সন্ধ্যায় সন্ধ্যায় দেশে ফেরেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তারা সন্ধ্যা সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, যেখানে তাদের স্বাগত জানান ফেডারেশন ও সমর্থকরা। এছাড়া ফুল দিয়ে তাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে তিনি নিজেও ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ একপি শট ঠেকিয়ে দিয়েছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে তিনি ফুল নিয়ে নতুন প্রজন্মের বিজয়ী খেলোয়াড়দের স্বাগত জানান।
অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এবং আরও অনেকে।
ফুটবল সংস্কৃতিতে অনেক উন্নত দেশে ক্লাব বা জাতীয় দলের বড় সাফল্যের পর ছাদখোলা বাসে উল্লাসের প্রচলন রয়েছে। বাংলাদেশের জন্য এই ধারা শুরু হয়েছিল ২০২২ সালে, যখন সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী দল প্রথমবার এই সম্মান পায়। এরপর ২০২৪ সালে পুনরায় সাফ চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে ২০২৫ সালে এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় নারী দল আরও দুইবার ছাদখোলা বাসে উদযাপন করেছে। এবার পুরুষ দলের জন্য প্রথমবার এই বিশেষ ব্যবস্থা করা হলো।

