মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত প্রবাসী এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে, পাশে থাকার আশ্বাস সরকারের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
ঢাকা, ৩ এপ্রিল ২০২৬: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বাহরাইনে নিহত বাংলাদেশি প্রবাসী কর্মী এস এম তারেকের মরদেহ আজ দেশে পৌঁছেছে। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের ফ্লাইট (GF-2250) যোগে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারকে সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে দাফন বাবদ ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া পরবর্তীতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা ও ১০ লাখ টাকার বিমা সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি। পরিবারটির দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক জানান, এ পর্যন্ত নিহত ৩ জন প্রবাসীর মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে এবং বাকি প্রক্রিয়াও চলমান রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। পাশাপাশি প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধি এবং বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. এ.টি.এম. মাহবুব-উল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

