আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সমস্যা সমাধানে সহযোগিতা চাইল বাংলাদেশ, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের চলমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে তিনি আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সম্মুখীন বিভিন্ন সমস্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এছাড়া Comprehensive Economic Partnership Agreement (CEPA)-সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
যৌথ বিজনেস কাউন্সিল সক্রিয় করার উদ্যোগ
বৈঠকে বাংলাদেশ–সংযুক্ত আরব আমিরাত Joint Business Council পুনরায় সক্রিয় করা এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে এর সভা আয়োজনের বিষয়েও উভয় পক্ষ একমত হন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

