আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান সেনাবাহিনীর ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমে মোতায়েন সেনাসদস্যদের দায়িত্ব পালন সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সফরকালে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুরূপ আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সেনাপ্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কমান্ড্যান্ট, ইবিআরসি; এ্যাডজুট্যান্ট জেনারেল; জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন; এরিয়া কমান্ডার, কুমিল্লাসহ সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
এছাড়া বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।



















