বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় সামরিক প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়।

এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।

অপরদিকে সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সামরিক কূটনীতির পরিসর সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।