নাগরিক শোকসভা: খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ শোকসভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

বিকেল ৩টার দিকে তারেক রহমান সভাস্থলে পৌঁছালে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।

শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতাকে মঞ্চে বক্তব্য দিতে দেখা যায়নি। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, শিক্ষক, চিকিৎসক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেন।

বিশিষ্ট বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুব উল্লাহ, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম ফায়েজ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার নেতৃত্বেই দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র টিকে ছিল।

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন।

শুক্রবার জুমার নামাজের পর থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমন্ত্রিত অতিথিদের প্রবেশ শুরু হয়। সংসদ ভবনের ৬ নম্বর গেটে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শোকসভাস্থলে উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়।