জগন্নাথপুরে বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জাহানে আলম বাদশার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল
মুমিন আহমদ মারুফ : বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জাহানে আলম বাদশা মিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৩নং মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাসিন্দা জাহানে আলম বাদশা মিয়া (৭৫) গত ২৭ জুন ২০২৬ তারিখে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর রূহের মাগফেরাত কামনায় সোমবার (৬ জুলাই) বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম জাহানে আলম বাদশা মিয়া ছিলেন একজন রাজনীতি সচেতন, দেশপ্রেমিক ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সালিশ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর হাতে গণহত্যায় শহীদ তৈয়ব আলীর পুত্র।
অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, এলাকার বাসিন্দা ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।
এ সময় বক্তারা মরহুমের কর্মময় জীবন ও সমাজসেবামূলক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মরহুমের পরিবার ও এলাকাবাসী মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

