নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে: সিসিক প্রশাসক

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের ইজারা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি বাজারের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজার জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত একটি বাজার। বিদ্যমান আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকার এ ধরনের বাজারগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের ওপর ন্যস্ত। সেই ধারাবাহিকতায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটি ইজারা প্রদান করা হয় এবং পহেলা বৈশাখ থেকে ইজারাগ্রহীতার কাছে বাজারের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

পরিদর্শনকালে বাজারের একাংশ মৎস্য আড়ৎদার ইজারা সংক্রান্ত বিষয়ে তাদের আপত্তির কথা সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হবে না। সংশ্লিষ্ট সকল নথিপত্র ও আইনি দিক যথাযথভাবে পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে আইনসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

তিনি ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, সকল পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।