সিলেটে স্বাস্থ্যখাতের সার্বিক পরিকল্পনা সভায় বাণিজ্যমন্ত্রী বরাদ্দের শতভাগ কার্যকর ব্যবহার নিশ্চিতের আহ্বান

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

মুমিন আহমদ মারুফ : সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

সিলেটে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও কার্যক্রম জোরদারে বরাদ্দের শতভাগ কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

শনিবার (৪ জুলাই) সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যালয়ে আয়োজিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং জাতীয় বাজেটে এ দুই খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তবে বরাদ্দ বাড়ালেই যথেষ্ট নয়, বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে জনগণের কল্যাণে কাজে লাগে, তা নিশ্চিত করতে হবে। সঠিক পরিকল্পনা ও আন্তরিক বাস্তবায়নের মাধ্যমেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই চলতি অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হয়েছে। সময় স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাজেটে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। আর মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি শিক্ষা ও স্বাস্থ্য।

মন্ত্রী জানান, পর্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের (জিডিপি) পাঁচ শতাংশ করে বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও বাস্তবায়নে নানা সীমাবদ্ধতা রয়েছে। পরিকল্পনার অভাব ও বাস্তবায়নের দুর্বলতার কারণে অনেক প্রকল্প প্রত্যাশিত সুফল দিতে পারছে না। অনেক ক্ষেত্রে বরাদ্দের পুরো অর্থ জনগণের কল্যাণে কাজে লাগছে না।

সিলেটে নির্মিত বিভিন্ন স্বাস্থ্য অবকাঠামোর উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক ভবন ও স্থাপনা নির্মাণ করা হলেও সেগুলোর পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হয়নি। এসব অবকাঠামোকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে এবং বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।