ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগে শর্মিলা রহমান সিঁথি

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
গুলশান-১ এর ডিএনসিসি পাকা মার্কেট এলাকায় প্রচারণা চালাচ্ছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে গুলশান-১ এর ডিএনসিসি পাকা মার্কেটে তিনি ব্যবসায়ীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমানকে বিজয়ী করতে জিয়া পরিবারের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন। এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন।

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির আইনজীবী নেত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ প্রমাণ করে যে, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে জনমত দিন দিন শক্তিশালী হচ্ছে।

গণসংযোগকালে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং সাধারণ মানুষ বিএনপির এই কর্মসূচিকে স্বাগত জানান।