রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে বিএনপির কার্যালয় উদ্বোধন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পলখান এলাকার নিঝুম পল্লি রিসোর্ট সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
কার্যালয় উদ্বোধনের আগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন,
“বিএনপি সবসময় জনগণের দল। ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। দাউদপুর ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এই এলাকা থেকে বিএনপির বিজয় নিশ্চিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তিনি বলেন,
“বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির প্রতিটি কার্যালয় হবে জনগণের আশ্রয়স্থল ও আন্দোলনের কেন্দ্রবিন্দু।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান ও দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এদিকে কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচির আগে দাউদপুর ইউনিয়নের চারটি স্পটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় নেতারা জানান, নতুন এ কার্যালয় থেকে নিয়মিত সাংগঠনিক সভা, জনসংযোগ ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।

