খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রূপগঞ্জে দোয়া ও শীতবস্ত্র বিতরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দিনব্যাপী দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ মানবিক ও ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। ভুলতা ইউনিয়নের হাটাবো, পাড়াগাঁও পাচাইখা, আউখাবো ও বলাইখা এলাকায় পর্যায়ক্রমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কর্মসূচিতে রূপগঞ্জ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন ঘিরে এলাকাজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি তাঁর বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তিনি অন্যায় ও স্বৈরাচারের কাছে কখনো মাথা নত করেননি। জনগণের অধিকার রক্ষায় তিনি বারবার জেল-জুলুম সহ্য করেছেন, তবুও দেশ ছেড়ে যাননি।”
দিপু আরও বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশের মাটিতে নির্বাসিত করে রাখা হয়েছে। কিন্তু দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন থেকে তিনি কখনো পিছপা হননি।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে বলেন, “ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারলেই দেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”
বক্তব্য শেষে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

