নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আটজন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইসি সূত্রে জানা গেছে, বৈধ ঘোষিতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লাসহ মোট ছয়জন প্রার্থী।
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ-১ আসনে জমা পড়া আট প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি পাওয়ায় দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।”
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
রূপগঞ্জ আসনে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

