খালেদা জিয়াকে দেখেই দেশপ্রেম শিখতে হবে: দিপু ভূঁইয়া

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৬

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “আজ সারা বাংলাদেশের প্রতিটি মানুষ মর্মাহত। যার হৃদয়ে ছিল পুরো বাংলাদেশ, তিনি আজ আমাদের মাঝে নেই। দেশপ্রেমিক কাকে বলে দেখতে চাইলে খালেদা জিয়াকে দেখুন। তার কাছ থেকেই আমরা শিখবো দেশকে ও মানুষকে কীভাবে ভালোবাসতে হয়।”

শুক্রবার (২ জানুয়ারি) রূপগঞ্জে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

দিপু বলেন, তারাব পৌরসভার বাজেট প্রায় ১৪৪ কোটি টাকা। এ বাজেট দিয়ে ঢাকার চেয়েও উন্নত মানের স্কুল গড়ে তোলার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, “এখানে কজন অফিসারকে এসে মানুষের সঙ্গে কথা বলতে দেখেছেন?”

তিনি আরও বলেন, তারাব পৌরসভার একটি প্রাথমিক বিদ্যালয়ে জুতা না থাকায় একটি শিশুকে স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। হয়তো শিশুটির বাবা-মায়ের সেই সামর্থ্য নেই। অথচ আগে মানুষের মধ্যে যে আত্মার বন্ধন ছিল, তা এখন অনেকটাই কমে গেছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, “আপনারা সন্তানকে স্কুলে পাঠাবেন—সে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো।”

রূপগঞ্জে মাদকের ভয়াবহতা তুলে ধরে দিপু বলেন, বিগত সময়ে যারা নেতৃত্ব দিয়েছে, তারা নিজেদের স্বার্থে মাদকের টাকায় অভ্যস্ত ছিল। দশ-পনেরো জন পিএস রেখেও তাদের লোভ শেষ হয়নি। “আমরা চেষ্টা করছি রূপগঞ্জ থেকে মাদক নির্মূল করতে। সবাই একসাথে দাঁড়ালে এই মাদক টিকতে পারবে না। আমরা রূপগঞ্জ থেকে মাদক দূর করে ছাড়বো,”—বলেন তিনি।

অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে বিএনপি প্রার্থী বলেন, বিশ্বরোডের রাস্তাটি প্রায় সতেরো বছরেও সংস্কার হয়নি, কারণ এই এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। তিনি আশা প্রকাশ করে বলেন, “দ্রুত এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কবরস্থানের রাস্তাটিও আমরা ঠিক করার উদ্যোগ নেবো।”

দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।