দিপু ভূইয়া’র ব্যবসায় বাৎসরিক আয় ১৭ লাখ ৪৮ হাজার ৬৪০ টাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তাঁর নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়, সম্পদ ও মামলার বিস্তারিত তথ্য জমা দিয়েছেন।
হলফনামা অনুযায়ী, পেশায় ব্যবসায়ী দিপু ভূইয়ার ব্যবসা খাত থেকে বাৎসরিক আয় ১৭ লাখ ৪৮ হাজার ৬৪০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁর বাৎসরিক আয় দেখানো হয়েছে ১৮ লাখ টাকা।
তিনি নিজের কাছে নগদ অর্থ হিসেবে ১৩ লাখ ৯৩ হাজার ৩৭০ টাকা এবং তাঁর স্ত্রীর কাছে নগদ রয়েছে ১৬ লাখ ৮০ হাজার ৭৯৫ টাকা। ব্যাংকে দিপু ভূইয়ার জমা রয়েছে ২৮ লাখ ৯৪ হাজার ১৯০ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৩ লাখ ৫ হাজার ৩৭৫ টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়, দিপু ভূইয়ার মালিকানায় দেড় কোটি টাকা মূল্যের একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। এছাড়া তাঁর স্ত্রীর নামে রয়েছে ৭৯ লাখ টাকা মূল্যের আরেকটি গাড়ি। অস্ত্র হিসেবে তাঁর কাছে ৯০ হাজার টাকা মূল্যমানের একটি একে-২২ ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে।
স্থাবর সম্পদের হিসাবে তিনি ৫ শতক জমির ওপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ির কথা উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী তাঁর মোট স্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৯২১ টাকা।
সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১০ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকা। অন্যদিকে তাঁর নামে ঋণের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ৪ কোটি ৯৩ লাখ ৫৭৬ হাজার টাকা।
আইনগত অবস্থান প্রসঙ্গে হলফনামায় উল্লেখ করা হয়, দিপু ভূইয়ার বিরুদ্ধে মোট ২৭টি মামলা রয়েছে।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

