নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির নির্বাচনী লড়াইয়ের সূচনা, দিপু ভূঁইয়া’র মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে তিনি মনোনয়নপত্র হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের পূর্বে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীক জয়লাভ করে জাতীয় সংসদে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আগামী নির্বাচন পরিচালনা করতে পারেন-এ জন্য সবাই দোয়া করবেন।”