আসন্ন নির্বাচন ঘিরে ভাটারার সাঈদ নগরে ড. এম এ কাইয়ুমের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ভাটারার সাঈদ নগর এলাকায় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির নেতা ড. এম এ কাইয়ুম।

রোববার (১ ফেব্রুয়ারি) মতবিনিময় সভায় ড. এম এ কাইয়ুম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সংসদ গঠনের লক্ষ্যে বিএনপি রাজপথে রয়েছে। তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তব কাজের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, ঢাকা-১১ আসনে চাঁদাবাজি নিরসন, হকার পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে হাজারো পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ড. এম এ কাইয়ুম তার বক্তব্যে মেরুল বাড্ডা ও বাড্ডা লিংক রোড এলাকায় বাস্তবায়িত হকার ব্যবস্থাপনা ও চাঁদাবাজি প্রতিরোধে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্দিষ্ট জোন নির্ধারণ এবং হকারদের নিয়ে সমিতি গঠনের মাধ্যমে রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করা সম্ভব হয়েছে, পাশাপাশি হকাররাও চাঁদাবাজদের জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন।

সভায় উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে ভাটারা ও আশপাশের এলাকায় নানা সমস্যা জমে উঠেছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ড. এম এ কাইয়ুম দায়িত্ব পেলে এসব সমস্যা বাস্তবসম্মতভাবে সমাধান করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।