নারায়ণগঞ্জ-১ আসনে দিপু ভুঁইয়ার পক্ষে ঐক্যবদ্ধ ইউপি ও পৌরসভার সদস্যরা, ধানের শীষে ভোট চাওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ এবং কাঞ্চন পৌরসভার নির্বাচিত সদস্যরা রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকায় অবস্থিত শি-সেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও কাঞ্চন পৌরসভার সকল নির্বাচিত সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জসিম উদ্দিন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, ভোলাবো ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাচ্চু, ইমরান হোসেন রিপন, কাঞ্চন পৌরসভার সদস্য মফিকুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সদস্যরা।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আরও বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে দিপু ভুঁইয়ার কোনো বিকল্প নেই।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দিপু ভুঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জ একটি স্বপ্নের রূপগঞ্জে পরিণত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সদস্যরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে তাকে বিপুল ভোটে এমপি হিসেবে বিজয়ী করবেন।