সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, “শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বগুণ বিকাশে বিএনসিসি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সামাজিক ও জাতীয় পর্যায়ে ক্যাডেটরা যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয়।” এ সময় তিনি এই সংস্থার সকল কর্মকর্তা ও ক্যাডেটদের অভিনন্দন জানান।
বৃহস্পতিবার সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।
সেনাবাহিনী প্রধান আরও বলেন, “ভবিষ্যতে দেশের যেকোনো প্রয়োজনে বিএনসিসি ক্যাডেটরা সশস্ত্র বাহিনীর সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতে বিএনসিসির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।”
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিএনসিসির কর্মকর্তা ও ক্যাডেটবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন।
উল্লেখ্য, বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের মাধ্যমে ক্যাডেটদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।



















